অন্তত ৯০ জন রোগীর শরীরে এইডসের জীবাণু ছড়িয়ে দিয়েছেন এক পাকিস্তানি চিকিৎসক। এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করে এই জীবাণু ছড়ানো হয় বলে খবরে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৫ জন শিশু। ইতিমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সরকারি হাসপাতালের চিকিৎসক মুজাফফর ঘাংরো নিজেও এইচআইভি সংক্রমিত।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযুক্ত ওই চিকিৎসকের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছেন।
লারকানার পুলিশ প্রধান কামরান নওয়াজ বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। আমাদের বলা হয়েছে তারও এইচআইভি রয়েছে।’
লারকানার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল রেহমান বলেছেন, পরীক্ষায় ৯০ জন এইচআইভি পজিটিভ হয়েছে। তার মধ্যে ৬৫জন শিশু।
আরো পড়ুন: রমজান উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিচ্ছেন দুবাই’র শাসক
অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মুজাফফর ঘাংরো বলছেন, এটা তার বিরুদ্ধে সিন্ধু স্বাস্থ্য কমিশনের ‘ষড়যন্ত্র’। নিজের এইচআইভি সংক্রমণ সম্পর্কে অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তথ্যসূত্র: খালিজ টাইমস, ডয়েচে-ভেলে।
ইত্তেফাক/এসআর