পরীক্ষার খাতা ও শিক্ষকের মূল্যায়ন

একটি স্কুলে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হলো। বিভিন্ন স্কুল থেকে আগত ২০/২৫ জন শিক্ষক অংশগ্রহণ করলেন। একটি বাংলা অনুচ্ছেদের ইংরেজি অনুবাদ করে প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে দিয়ে ১০ নম্বরের মধ্যে নম্বর দিতে বলা হলো। ১০ নম্বরের মধ্যে কেউ ৯, সাড়ে ৯, ৮, সাড়ে ৮ ইত্যাদি নম্বর দিলেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী শিক্ষক ১০ নম্বরের মধ্যে ৪ নম্বর দিলেন। উত্তরপত্রগুলো গ্রহণ করে প্রশিক্ষক ১০ নম্বরের মধ্যে ৪ নম্বর প্রদানকারী প্রশিক্ষণার্থী শিক্ষকের কাছে এত কম নম্বর দেবার কারণ জানতে চাইলেন। ৪ নম্বর প্রদানকারী ওই শিক্ষক একটা অহমিকা ভাব নিয়ে বললেন, এর চেয়ে বেশি নম্বর দেয়া যায় না স্যার। এবার প্রশিক্ষক একটু রেগে গিয়ে বললেন, আমি দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জনকারী একজন শিক্ষক। আমি নিজেই উত্তরপত্রের বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে লিখে দিয়েছিলাম। উত্তরপত্রের ইংরেজি অনুবাদ এর চেয়ে ভালো করা সম্ভব কিনা জানি না। ওই প্রশিক্ষক সবার উদ্দেশ্যে ললেন, ছাত্রছাত্রীদের মেধাকে শাণিত করার দায়িত্ব আপনাদের। ওদের জীবন নিয়ে খেলা করবেন না। প্রাপ্য নম্বর দিতে কখনও কার্পণ্য করবেন না। মনে রাখবেন, একজন ভালো শিক্ষকই পারে একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে। সঠিক নম্বর দেবার মন-মানসিকতা অর্জন করতে পারলেই জাতির মেরুদন্ড আরও মজবুত হবে। দয়া করে যে কোনো শিক্ষার্থীর পরীক্ষার খাতা তাড়াহুড়ো করে কিংবা পৃষ্ঠা গুণে নম্বর দেবেন না। তাতে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতে কুঠারাঘাত হয়েও যেতে পারে। এ ব্যাপারে একটু সচেষ্ট থাকতে শিক্ষক সমাজের প্রতি বিনীত অনুরোধ করছি। মো. নজরুল ইসলাম, এনায়েতনগর, মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ।