ঝিনাইদহে বইমেলায় জামায়াতের আগুন ও বোমা বিস্ফোরণ

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে গত বুধবার রাতে উপজেলা শহরে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বই মেলায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণসহ শহরের কয়েকটি দোকানপাট ও হোটেল ভাঙচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। এই ঘটনায় মহেশপুর থানায় ৩টি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, উপজেলা জামায়াতের আমির আবদুল হাই চুয়াডাঙ্গা জেল থেকে গত বুধবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে মহেশপুর আসেন। তাকে নিয়ে রাত ৮টার দিকে শহরে মোটর সাইকেল মহড়া দেয়ার সময় আওয়ামী লীগ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় জামায়াত-শিবির কর্মীদের ইট ও রডের আঘাতে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম মুকুল চৌধরী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের ছাত্রলীগ নেতা ওমর ফারুক, জামায়াতের নজরুল, আবদুল মালেকসহ ১৫ জন আহত হন। এসময় শহরের বিসমিল্লাহ হোটেল, মালেকের ফলের দোকন, আলামিন বস্ত্রালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে জামায়াত-শিবির কর্মীরা। পরে তারা বই মেলায় অগ্নিসংযোগ করে বোমা বিস্ফোরণ ঘটায়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। এসব ঘটনায় ৩টি মামলা হয়েছে।