ব্লগার রাজীব হত্যা তদন্তে ডিএনএ নমুনা সংগ্রহ

ব্লগার রাজীব হত্যা মামলার তদন্তের জন্য সন্দেহভাজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার আদালত ব্লগার রাজীবের ডিএনএ নমুনা পরীক্ষা করার অনুমতি দেয়। আদালতের অনুমতি পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ খুনি শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। গত ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পলাশনগরে বাড়ির সামনে আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর নিহতের হাতের মুষ্ঠি থেকে কয়েকটি ছোট চুল উদ্ধার করা হয়। ডিবি ধারণা করছে ঘাতকদের মাথার চুল হতে পারে। এ কারণে রাজীবের হাত থেকে উদ্ধার করা চুল ও রক্ত ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। ডিবির একজন কর্মকর্তা জানান, ঘটনার দিন খুনের আগে রাজীব তার ব্লগার বান্ধবী তানজীলার সাথে ছিলেন। খুন হওয়ার আগে তার আরেক বান্ধবী রাফির সঙ্গেও কথা বলেছিলেন। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসাবে শিবিরের কয়েক কর্মীকে আটকও করেছে। তানজীলা, রাফি ও শিবির কর্মীদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে ডিবি। এসব ডিএনএ নমুনা ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের ডিএনএ ল্যাবে পরীক্ষা করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের ড. শরীফ মো: আখতারুজ্জামান বলেন, রাজীবের ডিএনএ নমুনা এখনও তিনি হাতে পাননি। তবে আদালতের অনুমতি পাওয়ার পর যেসব নমুনা পাঠানো হবে তা দ্রুত পরীক্ষা করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও রাজীব হত্যা মামলার তত্ত্বাবধায়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, রাজীবের ডিএনএ নমনুাসহ আরো বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। তবে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হওয়ায় নমুনা ফরেনসিকভাবে পৌঁছেনি।