নরসিংদীতে সন্ত্রাসীরা প্রতিপক্ষের রাহাতকে জবাই করেছে

নরসিংদী জেলা শহরে আবারো বীভত্স হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তপাড়ার কাশ্মীরপাড়ায় রাহাত (১৮) নামে এক অস্ত্রবাজ সন্ত্রাসীকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। গত ৮ ফেব্রুয়ারি শহরের কাউরিয়াপাড়ায় প্রকাশ্য দিবালোকে কোহিনূর নামে এক মাদক ব্যবসায়ীকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। ২১ ফেব্রুয়ারি ব্যস্ত শহরে এই হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। নরসিংদী বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। একই মহল্লার সেলিম মিয়ার পুত্র রাহাত মিয়া অস্ত্রবাজ সন্ত্রাসী ও স্থানীয় মেহেদী গ্রুপের সদস্য। মাস ছয়েক পূর্বে সে একটি শর্টগানসহ পুলিশের হাতে ধরা পড়ে। জেল থেকে জামিনে বেরিয়ে রাহাত মিয়া নরসিংদী বাজারে তরকারি ব্যবসা শুরু করে। সন্ধ্যায় সে বাজার থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছলে ওত পেতে থাকা বুলেট গ্রুপের সন্ত্রাসীরা তাকে কোপাতে থাকে। রাস্তার উপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা চলে যায়। আশপাশের লোকজন তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর দত্তপাড়ার শত শত লোক হাসপাতালে ভিড় জমায়। রাহাত মিয়ার আত্মীয়-স্বজন ভ্যানগাড়িতে করে হাসপাতাল থেকে লাশ আওয়ামী লীগ অফিসের সামনে নিয়ে আসে। পুলিশ পুনরায় হাসপাতালে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।