আজ বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
গণজাগরণ মঞ্চ এবং ইসলামী সংগঠনগুলো আজ শুক্রবার সারাদেশে সকল মসজিদে পৃথকভাবে দোয়া কর্মসূচি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরের মহাসমাবেশ থেকে একাত্তরে সকল শহীদ ও এর পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সারাদেশে সকল মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার কর্মসূচি ঘোষণা করে। একইসঙ্গে দেশের প্রতিটি গীর্জা ও উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনারও কর্মসূচি দিয়েছে প্রজন্ম চত্বর।
অন্যদিকে, ব্লগে আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ইসলামী রাজনৈতিক দলগুলোও আজ বাদ জুমা সারাদেশে সাড়ে ৪ লাখ মসজিদ থেকে একযোগে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি দিয়েছে এবং কটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলাম বিরোধী ওয়েবসাইটগুলো বন্ধের লক্ষ্যে জনমত গঠনে আজ সারাদেশে সকল মসজিদে দোয়া করা ও খুতবা দেয়া হবে। প্রজন্ম চত্বরের ও ইসলামী দলগুলোর আজ দেশব্যাপী মসজিদ কেন্দ্রিক কর্মসূচিকে ঘিরে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।
ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই আজ সারাদেশে কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা জানতে পেরেছি একটি চরম ইসলাম বিরোধী ব্লগার চক্র আল্লাহ তা’লা, মহানবী (সা.), কোরআন, ইসলাম, ইসলামের মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কোরবানী, তাহাজ্জুত, উম্মাহাতুল মু’মিনীন, সাহাবায়ে কেরামসহ ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রচারণা চালাচ্ছে। আমরা নিজেরাও অনুসন্ধান চালিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। আমরা বিস্মিত হয়েছি, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত একটি দেশে কী করে ইসলামের বিরুদ্ধে এ জাতীয় উচ্চারণের অনুপযোগী ভাষায় অশ্লীলতা ছড়াতে পারে।
বিবৃতিতে চরমোনাই পীরসাহেব আরো বলেন, নতুন প্রজন্মকে ইসলাম সম্পর্কে বিষিয়ে তুলতে যে ডিজিটাল চক্রান্ত হচ্ছে তা থেকে ভবিষ্যত্ প্রজন্মকে উদ্ধার করতে না পারলে সামনে অন্ধকার নেমে আসবে। যা থেকে আমাদের সন্তান ও তথা আগামী প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ব্লগাররা সংঘবদ্ধ হয়ে নতুন স্টাইলে প্রজন্মকে বিভ্রান্ত করছে। এ ব্যাপারে আজ জুমার খুতবায় দেশের ইমাম ও খতিবদের অত্যন্ত মহব্বত নিয়ে বক্তব্য দেয়ার আহ্বান জানান।
আগামী ২৫ ফেব্রুয়ারিও একইদিনে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ ও ইসলামী দলগুলো। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে গতকালের গণজাগরণ মঞ্চ থেকে ঢাকার মিরপুর-১০ নম্বরে বিকাল ৩টায় সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি দেয়া হয়েছে। অন্যদিকে, আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি ও ইসলাম বিরোধী ওয়েবসাইটগুলো বন্ধের দাবিতে ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ওলামা সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী সংগঠনগুলো। এই সম্মেলন থেকে ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানানো বাম সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তোলা হবে বলে জানা গেছে।