কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা

কুমিল্লায় রাব্বি নামের ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ছাত্রের লাশ হাতবাঁধা অবস্থায় সদর উপজেলার রসুলপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানায় গতকাল বৃহস্পতিবার বিকালে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১০) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। বুধবার রাতে রাব্বি স্থানীয় মসজিদের সামনে আয়োজিত মাহফিলে যায়। রাত ১০টার দিকে রাব্বির অভিভাবকরা ওই মাহফিলে রাব্বীকে খুঁজে না পেয়ে মসজিদের মাইক দিয়ে তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রচার করে। রাতভর আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্নস্থানে তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ভোর ৬টার দিকে রসুলপুর গ্রামের এক পুকুরে হাতবাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। সকাল ৯টার দিকে পুলিশ এই শিশুর লাশ উদ্ধার করে। লাশ নিখোঁজ স্কুলছাত্র রাব্বির বলে তার অভিভাবকরা সনাক্ত করে। রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল মর্গে প্রেরণ করে। বিকালে রাব্বির পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি (তদন্ত) মো. আইয়ুব আলী জানান, স্কুলছাত্র রাব্বির লাশের মাথায় ছুরিকাঘাতের চিহ্ন ও হাত পিছনে বাঁধা ছিল।