ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৭০ কিঃ মিঃ এলাকা ভয়াবহ যানজটের কবলে পড়েছে। বিশাল এলাকা জুড়ে যানজট থাকায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। বুধবার গভীর রাত থেকেই এ মহাসড়কে অসহনীয় যানজট চলছে। এ রোডের যানজট এখন মহা দুর্ভোগের সৃষ্টি করেছে বলে বাস শ্রমিক এবং যাত্রীরা অভিযোগ করেছেন। গতকাল মহাসড়কের বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে ভয়াবহ যানজটের দৃশ্য। হাইওয়ে এবং থানা পুলিশ বলেছে, যানজট নিরসনে তাদের চরম ভাবে হিমসিম খেতে হচ্ছে। জানা গেছে, যানজটের অন্যতম কারণ তিন দিন একটানা অফিস আদালত এবং মিল-কারখানা ছুটি। তিন দিনের ছুটির ফলে প্রচুর যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ১৭টি জেলার এবং টাঙ্গাইলের ১০টি রোডের যানবাহন চলাচলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, একদিকে রাস্তায় প্রচুর যানবাহন অপরদিকে গতকাল রাতে এবং সকালে মহাসড়কের ৪/৫টি স্থানে কয়েকটি মালভর্তি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা-বাইপাইল, চন্দ্রা-জয়দেবপুর এবং চন্দ্রা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজটে নাকাল হাজার যাত্রী। যাত্রীরা অভিযোগ করে বলেন, ঢাকা-টাঙ্গাইল পর্যন্ত ১০০ কিঃ মিঃ পথ তারা দুই ঘণ্টার স্থলে ১০ ঘণ্টায়ও পাড়ি দিতে পারছেন না ।