পীরগঞ্জে বিনামূল্যে চিকিত্সা প্রদান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৫
পীরগঞ্জের আলহাজ্ব মোবারক আলী ও আলহাজ্ব জমিলা খাতুন চ্যারিটেবল ট্রাস্ট গত রবিবার পৌর অডিটরিয়ামে চক্ষু ক্যাম্প আয়োজন করেন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ। নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এ এম কামাল উদ্দীন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ইউএনও শাববীর আহমদ, ট্রাস্টের চেয়ারম্যান মনির উদ্দীন আহমদ, অন্যতম ট্রাস্টি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পৌর মেয়র রাজিউর রহমান রাজু প্রমুখ। “আন্ধেরি হিলফে জার্মানি’র অর্থায়নে ও গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর এর সহযোগিতায় ক্যাম্পে সহস্রাধিক সাধারণ রোগীকে চিকিত্সা ও ওষুধ প্রদান করা ছাড়াও ১৮০ জন হতদরিদ্র ও দুস্থ রোগীর চোখ বিনামূল্যে অপারেশন ও ল্যান্স সংযোজনের জন্য বাছাই করা হয়েছে। শেষোক্ত ১৮০ জন রোগীকে সোমবার দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করে চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজন করা হবে। রোগীদের বাছাই পর্ব থেকে আনা-নেয়া ও থাকা-খাওয়া এবং অপারেশন ও চিকিত্সার যাবতীয় ব্যয় ট্রাস্ট বহন করবে বলে অন্যতম ট্রাস্টি আলহাজ্ব এমদাদুর রহমান জানান।