বিদায় নিল লিভারপুল-অ্যাটলেটিকো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
দারুণ এক জয়ের পরেও ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। টুর্নামেন্ট থেকে আরও বিদায় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং অলিম্পিক লিও। তবে প্রত্যাশিতভাবেই শেষ ষোলোতে পৌঁছে গেছে চেলসি, ইন্টারমিলান,টটেনহ্যাম হটস্পারস এবং নিউক্যাসল ইউনাইটেড।
জেনিথ সেইন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে তাদের মাঠে ২-০ গোলে হারার পরে নিজেদের মাঠে জয়ের কোন বিকল্প ছিল না অল রেডদের জন্য। ম্যাচটাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যেতে হলেও লিভারপুলকে জিততে হতো ২-০ গোলে। এমনই এক সমীকরণকে সামনে রেখে মাঠে নামা লিভারপুল খেলার শুরু থেকেই ছিল দারুণ আক্রমণাত্মক। তবে গোল দেয়ার বদলে খেলার ধারার বিপরীতে প্রথমেই একটা গোল খেয়ে বসে জেরার্ডের দল। রাশিয়ার ক্লাবটির বিরুদ্ধে ইউরোপিয়া লিগে নিজের ১৫০ তম ম্যাচটি খেলতে মাঠে নামা অভিজ্ঞ ডিফেন্ডার জেমি ক্যারাঘারের ভুলেই গোলটি পায় জেনিথ। জেনিথের ব্রাজিলিয়ান তারকা হাল্ক দলকে এনে দেন মহামূল্যবান অ্যাওয়ে গোলটি। তবে এতে দমে না গিয়ে লিভারপুল খেলতে থাকে আরো আক্রমণাত্মক। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে ফেলে জেনিথের ডিফেন্সকে। যার ফলাফল হিসেবে ম্যাচের ২৭ মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। ফ্রি কিক থেকে গোল করেন লুইস সুয়ারেজ। ৪৩ মিনিটে জো অ্যালেনের গোলে আবারো উল্লাসে মাতে অ্যানফিল্ডের দর্শকরা। এরপরে ৫৯ মিনিটে সুয়ারেজ ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করলে লিভারপুল এগিয়ে যায় ৩-১ গোলে। ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি কোন দলই। ফলে দারুণ এক জয়ের পরেও সুয়ারেজরা মাঠ ছাড়েন হতাশায় মুহ্যমান হয়েই। কারণ দু্ই লেগ মিলে ৩-৩ গোলে ম্যাচে সমতা থাকলেও অ্যাওয়ে গোলের কারণে শেষ হাসি হাসে জেনিথই।
এদিকে নিজেদের মাঠে ২-০ গোলে হারার পরে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দল অ্যাথলেটিকো মাদিদও মাঠে নেমেছিল দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেয়ার শঙ্কা নিয়ে। তাদের প্রতিপক্ষ ছিল রুবিন কাজান। সুপারস্টার র্যাদামেল ফ্যালকাওয়ের একমাত্র গোলে রুবিন কাজানকে হারালেও শেষ পর্যন্ত গোল ব্যবধানে বিদায়ই নিতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। কাজানের শেষ ষোলো প্রতিপক্ষ হবে স্প্যানিশ ক্লাব লেভেন্তে। ওফামেবি মার্টিনসের একমাত্র গোলে লেভেন্তে বৃহস্পতিবার গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসকে হারায়।
স্পার্টা প্রাগের বিরুদ্ধে তাদের মাঠে প্রথম লেগে একমাত্র গোলে জয় নিয়ে ফেরায় স্ট্যামফোর্ড ব্রিজে গতকালের ম্যাচে অনেকটাই নির্ভার ছিল ইংলিশ জায়ান্ট চেলসি। তবে ম্যাচের ১৭ মিনিটে লাফাতার গোলে এগিয়ে যায় সফরকারিরাই। ম্যাচের নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় মনে হচ্ছিল এত সহজে শেষ ষোলোতে যাওয়া এতটা সহজ হচ্ছে না পশ্চিম লন্ডনের এই ক্লাবটির জন্য। তবে অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ইডেন হ্যাজার্ড গোল করলে শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে চেলসি। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে স্টুয়া বুখারেস্ট। তারা টাইব্রেকারে পরাজিত করে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামকে।
বড় জয়ে শেষ ষোলোতে পা রেখেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান । কলাম্বিয়ান স্ট্রাইকার ফ্রেডি গুয়ারিনের দুই গোলে তারা ৩-০ গোলে হারায় রুমানিয়ার ক্লাব সিএফআর ক্লাজকে। প্রথম লেগেও ২-০ গোলে জেতায় সব মিলে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়েই পরের রাউন্ড নিশ্চিত করলো ইতালিয়ান ক্লাবটি। সেখানে তাদের প্রতিপক্ষ হবে টটেনহাম হটস্পারস। অলিম্পিক লিওর বিরুদ্ধে নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জেতার পরে বৃহস্পতিবার তাদের মাঠে ড্র করলেই চলতো স্পারসদের। তবে গোনালন্সসের ১৭ মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই লিডটাকেই শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় তারা। প্রতিপক্ষের মাঠে একটি গোল করার সুবাদে এক গোলের জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে চলে যেত লিও। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে স্পারস তারকা মৌসা ডেমবিলির পঁচিশ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত এক শট জালে জড়ালে শেষ হাসি হাসে ইংলিশ ক্লাবটিই।
স্যামুয়েল ইতোর দল আনঝি মাখাচকালা ১-১ গোলে ড্র করেছে হ্যানোভার ৯৬’র বিরুদ্ধে। তবে প্রথম রাউন্ডে ৩-১ গোলের জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল গতকাল ইউক্রেনের ক্লাব মেটালিস্ট খারকিবকে হারিয়েছে একমাত্র গোলে।
বৃহস্পতিবারের ফলাফল
লিভারপুল ৩ জেনিথ সেন্ট পিটার্সবার্গ ১
হ্যানোভার ১ আনঝি মাখাচকালা ১
ফেনারব্যাচে ১ ব্যাটে ০
অলিম্পিয়াকোচ ০ লেভান্তেত্ ০
বোর্দো ১ ডায়নামো কিয়েভ ০
বেনফিকা ২ বেয়ার লেভারকুসেন ০
স্টুয়া বুখারেস্ট ২ অ্যাজাক্স ০
চেলসি ১ স্পার্তা প্রাগ ১
ভিক্টোরিয়া প্লেজেন ২ নাপোলি ০
রুবিন কাজান ০ অ্যাটলেটিকো মাদ্রিদ ১
সিএফআর ক্লাজ ০ ইন্টার মিলান ৩
মেটালিস্ট ০ নিউক্যাসল ইউনাইটেড ১
গেঙ্ক ০ স্টুটগার্ট ১
নিপরো নিপরোপেত্রোভর্স্ক ১ বাসিল ১
ল্যাজিও ২ বুরুসিয়া মাগ্লাদবাখ ০
অলিম্পিক লিও ১ টটেনহ্যাম হটস্পারস ১