র্যাংকিং-পুরস্কারের দৌড়

র্যাংকিংয়ের প্রসঙ্গে খেলোয়াড়রা প্রায়ই বলেন, ওটা কাগজের ব্যাপার। র্যাংকিং নিয়ে তারা খুব একটা মাথা ঘামান না। কিন্তু র্যাংকিং যখন বড় ধরনের অর্থ পুরস্কারের হাতছানি; তখনও তাকে তো অবজ্ঞা করা চলে না। গত কয়েক বছর ধরেই আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি বড় অংকের পুরস্কার পায়। এবার পাবে সেরা চারটি দলই। আর এই দৌড়ে এগিয়ে পুরস্কারের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। এর মধ্যে বর্তমানে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পুরস্কার পাবার বিষয়টি একরকম নিশ্চিতই। আগামী পহেলা এপ্রিল পর্যন্ত যে দলটি শীর্ষে থাকবে তারা আইসিসির কাছ থেকে পুরস্কার হিসেবে পাবে ৪ লাখ ৫০ হাজার ডলার। শুধুমাত্র শীর্ষ দলই নয়; দ্বিতীয় থেকে চতুর্থস্থান পর্যন্ত থাকা দলও পাবে পুরস্কার। দ্বিতীয়স্থানে থাকা দল ৩ লাখ ৫০ হাজার ডলার, তৃতীয়স্থানে থাকা দল ২ লাখ ৫০ হাজার ডলার এবং চতুর্থস্থানে থাকা দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার। বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিং ১২৪ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় থেকে ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলংকা। তাদের অর্জিত রেটিং হল যথাক্রমে- ১১৮, ১১৭, ১০৯, ১০৫ ও ৯২। ভবিষ্যত্ সফরসূচি বা এফটিপি বলছে আগামী এপ্রিলের আগ পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলংকা। সেক্ষেত্রে ঐ দুটি টেস্ট জিতলেও শীর্ষ চারে উঠতে পারছে না তারা। ফলে আইসিসির পুরস্কার পাওয়াও হচ্ছে না তাদের। এবার হিসাব করা যাক চতুর্থ ও পঞ্চমস্থানে থাকা পাকিস্তান ও ভারতের অবস্থা নিয়ে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজের আর একটি ম্যাচ রয়েছে। ঐ ম্যাচ জিতলেও রেটিং খুব বেশি বাড়বে না তাদের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১-০ ব্যবধানে সিরিজটি জিতলেই পাকিস্তানকে টপকে চতুর্থস্থানে পৌঁছে যাবে ভারত। কারণ বর্তমানে পাকিস্তানের সাথে ৪ রেটিং ব্যবধান ধোনির দলের। ফলে আইসিসির পুরস্কার পাবার সম্ভাবনা রয়েছে ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। একই অবস্থা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারও। কারণ আগামী মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। সেই সিরিজে ভালো ফল করতে পারলেই আইসিসির পুরস্কার পাবার সম্ভাবনা রয়েছে তাদের। বর্তমানে ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানেই রয়েছে ইংল্যান্ড। র্যাকিং-এ ইংল্যান্ডের পরই রয়েছে অস্ট্রেলিয়া। তাদের অর্জিত রেটিং ১১৭। আর ভারতের বিপক্ষে আগামী মার্চের ২৬ তারিখ পর্যন্ত চারটি টেস্ট খেলবে অসিরা। তাই টেস্ট সিরিজে ভালো ফল করতে পারলে আইসিসির পুরস্কার পাবে অস্ট্রেলিয়াও।