দামেস্কে বোমা হামলায় নিহত ৫৩
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৩
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে মাজরা এলাকায় বৃহস্পতিবার ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয় এবং রাশিয়ার দূতাবাসের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত এবং আড়াইশ’ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে গোলাবর্ষণ বন্ধে লেবাননের ইসলামপন্থি সংগঠন হিজবুল্লাহকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর রাস্তায় অন্তত চারটি ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত ‘সন্ত্রাসীদের’ হামলায় এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বোমা হামলায় নিহতের সংখ্যা ৫৬ উল্লেখ করেছে। এর মধ্যে ১৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যরা বেসামরিক নাগরিক বলে জানিয়েছে তারা। জানা গেছে, মাজরা এলাকায় যেস্থানে বোমা হামলাটি হয়েছে তা রাশিয়ার দূতাবাস থেকে মাত্র দু’শ’ মিটার দূরে এবং ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয় ভবনের কাছে একটি তল্লাশিকেন্দ্রে। গাড়িটিতে এক থেকে দেড় মেট্রিক টন বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন দামেস্কর গভর্নর বিশর সাব্বান। বিস্ফোরণে তিনশ’ মিটার দূরের গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, বিস্ফোরণে দূতাবাসের জানালা উড়ে গেছে। তবে কোনো দূতাবাসের কেউ আহত হয়নি।
মাজরা এলাকায় সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের পর আশেপাশের এলাকায় আরো দু’টি বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছে আন্দোলনকর্মীরা। বারজেহ এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। সিরিয়ায় প্রায় দু’বছরের অস্থিরতা ও গৃহযুদ্ধে দামেস্কর কেন্দ্রস্থল অপেক্ষাকৃত সুরক্ষিত থাকলেও এর আশেপাশের শহরতলি রক্তক্ষয়ী লড়াইয়ে বিধ্বস্ত হয়েছে। দামেস্কের দক্ষিণ ও পূর্বের এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখা বিদ্রোহীরা আসাদের ক্ষমতার কেন্দ্রে প্রায় একমাস ধরে হামলা চালিয়ে আসছে।
এদিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে গোলাবর্ষণ বন্ধে লেবাননের ইসলামপন্থি সংগঠন হিজবুল্লাহকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি। একইসাথে সংগঠনটি গোলাবর্ষণ বন্ধ না হলে হিজবুল্লাহর ওপর পাল্টা হামলারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এফএসএ প্রধান জেনারেল সেলিম ইদরিস বলেন,সিরিয়ায় হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে বৈরী তত্পরতা চালাচ্ছে। হমস প্রদেশের কুসার অঞ্চলের কাছে গ্রামগুলোতে লেবাননের বেকা উপত্যকা থেকে প্রায়ই গোলা নিক্ষেপ করা হচ্ছে। তিনি আরো বলেন, হিজবুল্লাহ সিরিয়ার ভূখণ্ড ও ফ্রি সিরিয়ান আর্মির ওপর গোলাবর্ষণ করে লেবাননের সার্বভৌমত্ব অপব্যবহার করছে।