মিসরে পার্লামেন্ট নির্বাচন ২৭ এপ্রিল শুরু

মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি দেশটির পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। চলতি বছরের ২৭ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই নির্বাচন সম্পন্ন হবে বলে একটি সূচি নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে বলা হয়, সারাদেশকে চারটি নির্বাচনী অঞ্চলে ভাগ করে পৃথক পৃথক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী জনবলের অভাবে এইভাবে ভোটগ্রহণ করার প্রক্রিয়া নির্ধারণ করা হচ্ছে বলে ডিক্রিতে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট মুরসি এবং তার মুসলিম ব্রাদারহুড আশা করছে, এই নির্বাচন বিরোধীপক্ষের ক্রমবর্ধমান আন্দোলনের অবসান ঘটাবে। মৌখিকভাবে প্রত্যাখ্যানের পথ ছেড়ে তারা নির্বাচনমুখী হবে। ২০১২ সালের ডিসেম্বরে ইসলামপন্থি সমর্থিত মিশরের সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু অধিকার রক্ষায় আইন যুক্ত করতে ব্যর্থ হয়। ওই সংবিধান প্রত্যাখ্যান করে মিশরের বিরোধীদলগুলো রাস্তায় বিক্ষোভে নামে। বিরোধীদের অভিযোগ, মিশরের সংবিধানে অধিক পরিমাণে ইসলামি ভাবধারার আইন চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে যাতে করে ব্যক্তি অধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে। মিশর বর্তমানে মুরসি সমর্থিত ইসলামপন্থি সমর্থক ও উদার-গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাবাদীদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। আর এতে করে দু’পক্ষের মধ্যেই সংঘর্ষ-সহিংসতা চলছে। এর প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। ইতোমধ্যে দেশটি অর্থনৈতিক সংকটের মুখেও পড়েছে। বৃহস্পতিবার মুরসি জারিকৃত ডিক্রিতে সন্নিবেশিত দেশটির নির্বাচনী সূচি অনুযায়ী কায়রো ও অপর চারটি প্রদেশে ২৭-২৮ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের লক্ষ্যে ভাগ করা নির্বাচনী অঞ্চলগুলো হচ্ছে:কায়রো ও অপর চারটি প্রদেশ, যেখানে ২৭-২৮ এপ্রিল ভোট গ্রহণের কথা রয়েছে। গিজা, আলেকজান্দ্রিয়া এবং ছয়টি প্রদেশে ১৫-১৬ মে ভোট গ্রহণের কথা রয়েছে। অপর আটটি প্রদেশে ভোট গ্রহণ হবে ২-৩ জুন এবং শেষ ছয়টি প্রদেশে ভোট গ্রহণ করা হবে ১৯-২০ জুন।