টেস্টকেই এগিয়ে রাখলেন গাভাস্কার

টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট, তাই ভারতে এ ফরম্যাটের প্রাধান্য নিশ্চিত করতে পিচ তৈরিতে ভারসাম্য আনার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি বলেন, ক্রিকেটকে বিশ্বায়নের জন্য সংক্ষিপ্ত ভার্সনের টি-২০ ভাল এবং খেলোয়াড়রাও এ থেকে আর্থিক নিরাপত্তা পেতে পারে। কিন্তু আসল হচ্ছে টেস্ট ক্রিকেট। চেন্নাইয়ে ভারতের সাবেক অধিনায়ক ‘টাইগার’ খ্যাত মনসুর আলী খান পাতৌদির স্মরণে প্রথম এমএকে পাতৌদি স্মারক বক্তৃতায় গাভাস্কার একথা বলেন। গাভাস্কার বলেন, ‘ক্রিকেট বিশ্বায়নের জন্য টি-টোয়েন্টি সহায়ক। বিভিন্ন দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে বিশেষ করে ক্রিকেটের উদীয়মান দেশগুলোতে এবং আমেরিকা, চীন এমনকি ইউরোপীয় বিভিন্ন দেশে এটা ছড়িয়ে দেয়া যেতে পারে। ক্রিকেটকে বিশ্বায়নের জন্য এ ফরম্যাট সম্ভবত আপনার খুবই প্রয়োজন বলে আমি মনে করি।’ তবে আমি এখনো বিশ্বাস করি ক্রিকেটের রাজা টেস্ট ক্রিকেট, কেননা একজন ক্রিকেটের স্বীকৃতি মেলে টেস্ট পারফরমেন্সের ভিত্তিতে। একজন খেলোয়াড় ভাল, খুবই ভাল অথবা সাধারণ মানের সব কিছু নির্ধারিত হয় টেস্ট পারফরমেন্স থেকে। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি কিংবা ৫০ ওভার ফরম্যাটের পারফরমেন্স ভাল কিংবা খুবই ভাল যাই হোক না কেন— সবশেষে এটা টেস্ট ক্রিকেট। টেস্ট পর্যায়ে একজন খেলোয়াড় কেমন করে তার উপর ভিত্তি করেই একজন খেলোয়াড়দের মানদন্ড বিচার করা হয়।’ টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে প্রশাসকদের নজর দিতে হবে। তিনি বলেন, ‘এটা প্রশাসকদেরই নিশ্চিত করতে হবে। বিশেষ করে টেস্ট খেলুড়ে দশটি দেশের মধ্যে টেস্টকে বেশি প্রাধান্য দিতে কর্তা ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে। এই দশটি দেশের মধ্যেও প্রধান চার অথবা পাঁচটি দেশের বোর্ডগুলোকে টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।’ পিচের বিষয়ে তিনি বলেন, ‘এ জন্য পিচে ভারসাম্য থাকা দরকার বলে আমি মনে করি। পিচে ভারসাম্য না থাকলে টেস্টে একটা সেরা দলের বিরুদ্ধে আরেকটা ভাল দলের পরীক্ষা নেয়া সম্ভব হয় না।’ টেস্ট ক্রিকেট থেকে কেবল মাত্র দক্ষতা বা কৌশলের পরিচয় মেলে না। এ থেকে তোমার উত্সাহ ও টেম্পারমেন্টেরও পরীক্ষা হয়। ক্রিকেটের নিয়মাবলিতে খুব বেশি পরিবর্তন আনা উচিত নয় বলেও উল্লে¬খ করেন গাভাস্কার, ‘ফুটবল, টেনিস ও গলফের জনপ্রিয়তার কারণ হল খেলাগুলো অনেক সহজ নিয়মে খেলা হয়। খেলাগুলোর নিয়ম তাই সবাই বুঝতে পারে। তাই যারা খেলে এবং যারা সমর্থন করে সবার জন্যই নিয়মটা বোঝা সহজ হয়। আমার মতে, তাই এই বিষয়গুলোতে ক্রিকেট প্রশাসকদের লক্ষ্য রাখা উচিত।’ - বাসস