চলে গেলেন সৌরভের বাবা

নিজে পশ্চিম বাংলার ক্রিকেট এসোসিয়েশনের বড় কর্মকর্তা ছিলেন একসময়। সংগঠক হিসেবে বেশ সমৃদ্ধ জীবন কাটিয়েছেন। কিন্তু তার পরিচয় হয়ে উঠেছিল সৌরভ গাঙ্গুলির বাবা। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ এবং বাংলার সাবেক অধিনায়ক স্নেহাশিষ গাঙ্গুলির বাবা সেই চন্ডীদাশ গাঙ্গুলি এবার চলে গেলেন। বেশ কিছুদিন যাবত্ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী নিরুপমা এবং দুই পুত্র প্রথম শ্রেণির ক্রিকেটার স্নেহাশিষ ও সৌরভকে রেখে গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অতিমাত্রায় উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিকসে ভোগা, প্রতিদিন ইনসুলিন নেয়া গাঙ্গুলি নিজ বাড়িতেই চিকিত্সা নিচ্ছিলেন। ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গালোর (ক্যাব) যুগ্ম সম্পাদক সুজল মুখার্জি জানান, সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিরলা হাসপাতালে নেয়ার পথে আনুমানিক ৬টা ৩০মিনিটে তিনি মারা যান।’ শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্য অনুষ্ঠানের আগে তার মৃত দেহ ক্যাব কার্যালয়ে আনা হবে। স্নেহাশিষ ও সৌরভ উভয়ের খেলোয়াড়ী জীবনেই তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করেন সিনিয়র গাঙ্গুলি। প্রতিষ্ঠালগ্নে ১৯৭৪-৭৫ সালে ক্যাবের সহ-সম্পাদক ছিলেন সিনিয়র গাঙ্গুলি। এরপর কোষাধ্যক্ষ, সম্পাদক, সহ-সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০০৫ সালে টেস্ট দল থেকে সৌরভ বাদ পড়ার পর ক্যাবে যাওয়া বন্ধ করে দেন তিনি।