১০১ বছরেও অবসরে দুঃখ!

চলতি সপ্তাহ শেষে প্রতিযোগিতামূলক ম্যারাথন দৌড় থেকে অবসরের প্রস্তুতি নিচ্ছেন ১০১ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। বিশ্বের সবচেয়ে বয়সী এই অ্যাথলেট বৃহস্পতিবার বলেছেন, অবসর নিতে হওয়ায় তার মন ভাল নেই। ‘টারবানেড টর্নেডো’ হিসেবে খ্যাত ফৌজা সিং ৮৯ বছর বয়সে ম্যারাথন দৌড় শুরু করে এ পর্যন্ত ৯টি দৌড় শেষ করেছেন। তবে শেষ পর্যন্ত বয়সের কাছে হার মানতে বাধ্য হচ্ছেন বলে স্বীকার করেন তিনি। রোববারের দৌড়ে আগে কেবলমাত্র পাঞ্জাবি ভাষা জানা ভারতে জন্ম নেয়া ব্রিটিশ নাগরিক দোভাষির মাধ্যমে বলেন,‘অবসর নিতে হওয়ায় আমি অত্যন্ত ভারাক্রান্ত।’ তিনি বলেন, “প্রকৃত অর্থে বিশ্বকে আমি ‘অবসর’ শোনাতে চাই না। কারণ আমি এখনো দৌড়াতে পারি এবং লাফিয়ে বাসে উঠতে পারি।” ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করার আগে নিজ দেশ ভারতের পাঞ্জাব প্রদেশের একজন কৃষক সিং লন্ডন, টরেন্টো ও নিউইয়র্কে নয়বার ২৬ মাইল দৌড়েছেন। তার সেরা সময় ছিল টরেন্টোতে। এখানে ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন তিনি। নাতি-নাতনিসহ ইলফোর্ডে বসবাস করা সিং বলেন, অবসরের ব্যাপারে তার ‘মনোভাব মিশ্র’।