লোডশেডিং-এ বন্ধ সেচ

মহাদেবপুরে ৩০ শতাংশ জমিতেও বোরো আবাদ হয়নি

চলতি বোরো মৌসুমের শুরুতেই নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে বোরো রোপণ মৌসুম শুরু হলেও ওই সময় থেকে ১ মাসের মধ্যে কৃষকরা এখনও লক্ষ্যমাত্রার ৩০ ভাগ জমিতেও বোরো রোপণ শেষ করতে পারেনি বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে। অতীতের কোন মৌসুমেই বোরো রোপণ শুরুর সময় বিদ্যুতের এমন বেহাল দশা হয়নি বলে জানান কৃষকরা। তারা জানান, বোরো প্রধান গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টায় গড়ে ২ ঘণ্টা বিদ্যুত্ পাওয়াও এখন ভাগ্যের ব্যাপার। এমতাবস্থায় বিদ্যুত্চালিত ১ হাজার ৩৩৬টি সেচযন্ত্র নিয়ে কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন উপজেলার হাজার হাজার বোরো চাষি। বিদ্যুতের অভাবে সেচযন্ত্রগুলো চলতে না পারায় এসবের আওতাধীন ১৮ হাজার ৪৯০ হেক্টর জমির বোরো চাষ হুমকির মুখে পড়ছে বলে জানান কৃষকরা। পাশাপাশি ডিজেলের মূল্যবৃদ্ধি ফলে ডিজেলচালিত ১৪ হাজার ৮২২টি শ্যালো ইঞ্জিন নিয়েও কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এমতাবস্থায় ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনগুলোর আওতাধীন আরো ৮ হাজার ৫৫০ হেক্টর জমির বোরো চাষ লাটে উঠবে বলেও আশংকা করছেন সংশ্লিষ্ট চাষীরা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলায় এবার ২৭ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে বিদ্যুত্চালিত সেচযন্ত্রের আওতায় রয়েছে ১৮ হাজার ৪৯০ হেক্টর এবং ডিজেল চালিত সেচযন্ত্রের আওতায় রয়েছে ৮ হাজার ৫৫০ হেক্টর জমি।