প্রজন্ম চত্বরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণকারী পুলিশের লাশ উদ্ধার

রাজধানীতে বাদল মিয়া (২৬) নামে এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এজিবি কলোনির বটতলা এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। নিহত বাদল মিয়া রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদর দফতর কোম্পানী-২ এ কর্মরত ছিলেন। নিহত হওয়ার আগে তিনি শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে প্রজন্ম চত্বরের সিসি ক্যামেরা মনিটরিং-এর দায়িত্বে ছিলেন। পিরোজপুরে মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে। বাদল মিয়া ঢাকার মাদারটেক দক্ষিণগাঁও বাজার এলাকায় আবুল হোসেনের বাড়িতে সপরিবারে থাকতেন। মতিঝিল থানার এসআই আব্দুল লতিফ জানান, রাতে বাদল রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শাহবাগ প্রজন্ম চত্বর এলাকায় সিসি ক্যামেরার দায়িত্বে ছিলেন। প্রজন্ম চত্বরে তিনি রাতের খাবার খান। এরপরই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে এজিবি কলোনি বটতলা এলাকায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশ আরো জানায়, একটি হলুদ ট্যাক্সি ক্যাব থেকে এজিবি কলোনি এলাকায় তাকে ফেলে দেয়া হয়। সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, কপালের বাম ও ডান পাশে কালো জখম, গলার ডান পাশে লালচে দাগ, ডান হাতের কব্জির নিচে কালো দাগ এবং বাম চোখ ফুলা ছিল। পুলিশ আঘাতের চিহ্ন দেখে ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মতিঝিল থানায় হত্যা মামলা হয়েছে।