বিশ্ব গণমাধ্যমে ইসলামী দলগুলোর বিক্ষোভ, সংঘর্ষ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা বিদেশি গণমাধ্যমেও ফলাও করে প্রচার পেয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট, মধ্যপ্রাচ্যের টেলিভিশন চানেল আল-জাজিরা, লেবাননের দ্য ডেইলি স্টার, নিউজ সাউথ এশিয়া, ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া, টেলিভিশন চ্যানেল এনডিটিভি ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) ও এসোসিয়েটেড ফ্রান্স প্রেস (এএফপি)সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমের অনলাইনে গুরুত্ব সহকারে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। গতকালের সংঘর্ষে চার জন নিহত হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনাম ছিলো ‘ফোর কিলড ইন বাংলাদেশ ক্লাশেই ওভার ‘এথিস্ট ব্লগার’। প্রতিবেদনে বলা হয়, মহানবীর অবমাননাকারী ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে শুক্রবার ইসলামপন্থীদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। এ সংক্রান্ত এএফপি’র প্রতিবেদনটি এনডিটিভি ও জি নিউজের অনলাইনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে জুমার নামাজের পর সারাদেশে ইসলামী সমমনা ১২ দলের সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্টের অনলাইনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে ইসলামপন্থী দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে দুজন নিহত। এপি’র এ প্রতিবেদনটি আল জাজিরা ও ফক্স নিউজের অনলাইনেও প্রকাশ করা হয়েছে। রেডিও অস্ট্রেলিয়ার এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে ইসলামী দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এশিয়া প্যাসিফিক নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মের অবমাননাকারী ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। লেবাননের দ্য ডেইলি স্টারের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশে ইসলামী দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।