রবিবার সারাদেশে
১২ দলের সকাল
সন্ধ্যা হরতাল
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫২
মহানবীকে (সা.) নিয়ে ব্লগে আপত্তিকর বক্তব্য দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। মোর্চার নেতা ও খেলাফত আন্দোলনের নায়েবে আমির আহমেদুল্লাহ আশরাফ জানিয়েছেন, হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্লগারদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা শুক্রবার জুমার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়ে আমাদের কর্মীদের গ্রেফতার করেছে। হতাহতের ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে আমরা রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবো। খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বলেন, রবিবার হরতালের পর সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সমমনা ইসলামী দলগুলোর নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বাইরেও চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় সমমনা ১২ দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।