শাহবাগ আন্দোলন সরকারের কলঙ্ক মুছতে পারবে না

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পবিত্র ইসলামকে হেয় করা কিংবা ইসলামের পরিপন্থি কোনো তত্পরতা জাতীয় পার্টি মেনে নেবে না। শাহবাগের আন্দোলন সরকারের কলঙ্ক মুছে দিতে পারবে না। গতকাল শুক্রবার রাজধানীর ইমানুয়েল্স কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, পদ্মাসেতু দুর্নীতি, প্রকাশ্যে বিশ্বজিত্ হত্যাকাণ্ডের কলঙ্ক মুছে যাবে কীভাবে? দেশ এখন মহাসংকটে নিমজ্জিত হয়েছে। একমাত্র জাতীয় পার্টিই এই পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে পারে। বিপর্যয় থেকে উত্তরণের জন্য দেশের মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। এরশাদ বলেন, মহান একুশ আমাদের আবেগ, স্বাধীনতার চেতনা ও প্রেরণার উত্স। এই মহান আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। তিনি বলেন, জাতীয় পার্টি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিসিক্ত করার জন্য অনেক অবদান রেখেছে। ১৯৮৭ সালে আমরা সংসদে আইন পাস করে সর্বস্তরে বাংলা প্রচলন বাধ্যতামূলক করেছিলাম। শহীদ মিনারের আদি নকশা অনুযায়ী অনেক অসম্পন্ন কাজ সম্পন্ন করেছি। সকল সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করেছি। তিনি বলেন, ৫২-এর একুশ আর মহান স্বাধীনতা যুদ্ধ এক সূত্রে গাঁথা। আজ আবার শপথ নেওয়ার দিন এসেছে। গণতন্ত্রকে রক্ষার জন্য শপথ নিতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য শপথ নিতে হবে। ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলওয়ার হোসেন খান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।