ইসলাম বিরোধী ব্লগ বন্ধে সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট

ইসলাম ধর্ম, আল্লাহতায়ালা, মহানবী হযরত (সা.) ও কুরআন ইত্যাদির অবমাননা সংক্রান্ত ফেইসবুক এবং ব্লগ বন্ধের জন্য হাইকোর্ট এক বছর আগে সরকারকে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে এসব ব্লগারকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসি, র্যাব ও পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া ব্লগারদের নাম, ঠিকানা ও পূর্ণ পরিচয় আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু গত এক বছরেও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্লগ বন্ধ এবং দোষীদের চিহ্নিত করতে পারেনি। ২০১১ সালের ১৬ এপ্রিল সামহোয়্যার ইন ব্লগে এবং একই বছরের ২ আগস্ট একই ব্লগে পবিত্র রমজান মাসকে ব্যঙ্গ করে লেখা প্রকাশ হয়। গত বছরের ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বাতুল সরওয়ার ও ঢাকা সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম এসব বন্ধে এবং দায়ীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার দায়ে শাস্তির আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ব্যারিস্টার ফাতিমা আনোয়ার আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও খুরশিদ আলম সরকার রিট আবেদনটি গ্রহণ করে মহান আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননাকারী ব্লগগুলোকে কেন স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। হাইকোর্টের এই রুল এখনো বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে সরকার কয়েকটি ব্লগ ও ফেইসবুক পেজ বন্ধ করে দিলেও সামহোয়্যার ইন ব্লগ চালু রয়েছে।