প্রধানমন্ত্রী পদ্মাসেতু
নির্মাণ প্যাকেজ ঘোষণা
করবেন ২ মার্চ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৭
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পদ্মাসেতুর কাজ শুরু হবে। তিনি বলেন, আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডে পদ্মা নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে পদ্মাসেতু নির্মাণের সামগ্রিক পরিকল্পনা প্যাকেজ ঘোষণা করবেন। মন্ত্রী গতকাল শুক্রবার শরীয়তপুরের জাজিরার মাঝিরকান্দি ঘাট এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা কাজের প্রাকপ্রস্তুতি পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, পদ্মাসেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ বর্তমান সরকারের বাকি মেয়াদেই শুরু হবে। তিনি বলেন, পদ্মাসেতুর অর্থায়নসহ সার্বিক বিষয় ফেব্রুয়ারি মাসের মধ্যে স্পষ্ট হবে। মন্ত্রী বলেন, বিকল্প অর্থায়নে মালয়েশিয়াসহ অন্যান্য প্রতিবেশী দেশের সাথে আলোচনা চলছে এবং আমরা সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি। তিনি বলেন, সেতু নির্মাণ শুরুর পর চার থেকে সাড়ে চার বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।