পাটগ্রাম সীমান্তে চার
বাংলাদেশিকে ধরে নিয়ে
গেছে বিএসএফ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৮
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তে গতকাল শুক্রবার ভোরে ভারতের চ্যানাকাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৪ জন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে।
জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তের ৮৬৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে কতিপয় বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত থেকে গরু ও মোটরসাইকেল নিয়ে আসার সময় ভারতীয় চ্যানাকাটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ওই ৪ জনকে আটক করে নিয়ে গেছে। আটককৃতরা হলেন বুড়িমারী উফারমারা গ্রামের ফজর আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৫) একই ইউনিয়নের বামনদল গ্রামের পাতলা দোয়ানীর ছেলে কামাল হোসেন (২৭) গুড়িয়াটারী গ্রামের জহুরুল হকের ছেলে পেট্রোল হোসেন (৩০) ও আলীর ছেলে রওশন (২৪)।