পরীক্ষার পূর্বের পরিকল্পনা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
সঠিক পরিকল্পনা : এইচএসসি পরীক্ষার প্রস্তুতির আগেই একটি পরিকল্পনা থাকা দরকার। সঠিক পরিকল্পনা গ্রহণ এবং এর যথাযথ বাস্তবায়ন ভালো ফল আনতে পারে। আগে পড়াশোনা নিয়ে যা কিছু করেছ, তা মাথা থেকে ঝেড়ে ফেলো। সামনের যে কয়টা দিন পাবে, এর সবটুকু সঠিকভাবে ব্যবহার করো। এ জন্য একটি রুটিন তৈরি করে নাও।
ইতিবাচক মনোভাব: নেতিবাচক মনোভাব পড়াশোনায় খারাপ ফলাফল ফেলতে পারে। এ জন্য মনের এলোমেলো চিন্তাগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। সার্বিক প্রস্তুতি যদি তোমার মনের মতো না হয়েও থাকে, তার পরও দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তোমার মাঝে যতটুকু জ্ঞান আছে ততটুকু ঠিকমতো কাজে লাগাও। এটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সে পথটি খুঁজে বের করো। অপরের সঙ্গে নিজেকে তুলনামূলক বিচার করার চেষ্টা না করে নিজের ওপর পূর্ণ আস্থা রাখো।
মনকে চাপমুক্ত রাখো: পড়াশোনার চাপে যদি কাবু হয়ে যাও তাহলে তো চলবে না। মনকে সব সময় ফুরফুরে রাখতে হবে। পড়াশোনাকে বোঝা মনে না করে, এটাকে উপভোগ করতে শেখো। জোর করে পড়াশোনা কখনোই সুফল বয়ে আনে না। বরং পড়াশোনাকে উপভোগ করো।
বুঝে পড়ো: বিষয়বস্তু না বুঝে মুখস্থ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। যেকোনো একটা বিষয় আগে পরিষ্কারভাবে বুঝে তারপর আয়ত্তে আনার চেষ্টা করো। বিষয়বস্তু সম্পর্কে যদি তোমার ধারণা স্পষ্ট হয়, তবে তা শিখতে তোমাকে বেশি কষ্ট করতে হবে না এবং দ্রুত শিখতে পারবে। ইচ্ছাকে প্রাধান্য দাও, পড়তে বসার আগে নিজেকে প্রস্তুত করে নাও কোন বিষয়টি দিয়ে তুমি শুরু করবে। ধরো, অঙ্ক করতে এখন তোমার ভালো লাগছে না, কিন্তু অঙ্ক অনেক বাকি রয়ে গেছে কিংবা পদার্থবিজ্ঞান নিয়ে বসেছ, সেটাও ভালো লাগছে না। এই অবস্থায় কী করবে, ভেবে পাচ্ছ না। অনিচ্ছাকৃত কোনো বিষয়ে পড়াশোনা করলে একঘেয়েমিতে ভুগতে পারো। এ রকম সময়ে অন্য একটি বিষয় নিয়ে পড়তে বসো।
বুদ্ধিকে কাজে লাগাও: অনেকে সারা দিন পড়াশোনা করেও ভালো ফল করতে পারে না। আবার অল্প পড়েও বুদ্ধি সঠিক প্রয়োগে অনেকে ভালো ফল করে। কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো অপেক্ষাকৃত সহজ, সেগুলোর সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ করে এবং ভালো কলেজগুলোর প্রশ্নপত্রগুলো ঘেঁটে নিজের মতো করে একটি সাজেশন তৈরি করেছ, সেগুলো পড়ো। এতে কম পরিশ্রমেও অপেক্ষাকৃত ভালো ফল করতে পারবে।
কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮
anushilon.ittefaq10@gmail.com