গুদামের ধারণ ক্ষমতা কম থাকায় সরকার পর্যাপ্ত
খাদ্যশস্য কিনতে পারে না : খাদ্যমন্ত্রী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৫
সরকারি গুদামের ধারণ ক্ষমতা কম থাকায় সরকার পর্যাপ্ত খাদ্যশস্য কিনতে পারে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এতে অনেক সময় কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়।
শনিবার খাদ্যমন্ত্রী শেরপুর সদরে এক হাজার টন ধারণ ক্ষমতার একটি নতুন খাদ্যগুদাম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই গুদাম নির্মাণের ফলে শেরপুর সদর খাদ্যগুদামের ধারণ ক্ষমতা সাত হাজার টনে উন্নীত হলো।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার চলতি মেয়াদে খাদ্যগুদামের ধারণ ক্ষমতা ২০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এরমধ্যে আগামী জুনে সরকারি খাদ্যগুদামের ধারণ ক্ষমতা আরো প্রায় দুই লাখ টন বৃদ্ধি পাবে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি খাদ্যগুদামের ধারণ ক্ষমতা ছিল ১৫ লাখ টন কিন্তু বর্তমানে তা সতের লাখ টনে ছাড়িয়ে গেছে বলে খাদ্যমন্ত্রী জানান।
খাদ্যগুদাম উদ্বোধনের পর মন্ত্রী জেলা চালকল মালিক সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন এবং চালকল মালিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময়ে মন্ত্রী আগামীতে ধান-চাল সংগ্রহকালে শেরপুর জেলার জন্য যৌক্তিক পরিমাণ বরাদ্দ বাড়ানো হবে বলে চালকল মালিকদের প্রতিশ্রুতি দেন।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আতিকুর রহমান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন। এরপর মন্ত্রী শেরপুর মন্দির পরিদর্শন করেন।