স্থগিত সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৬
আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর বসার কথা থাকলেও তা আর হচ্ছে না। স্থগিত করা হয়েছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসর। চ্যানেল আই সূত্রে জানা গেছে, অনিবার্য কারণে আপাতত অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই নতুন তারিখে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করা হবে এবং সেটি জানিয়ে দেওয়া হবে। দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। আয়োজনের দিক দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তারা। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’ শিরোনামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসরে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার স্বনামধন্য সংগীতশিল্পীদের আজীবন সম্মাননা দেওয়া হবে। বিভিন্ন ঘরানার সংগীত, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারগুলো চূড়ান্ত করেছেন বিচারকেরা। আর শ্রোতাদের ভোটে দেওয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেব্যু সংগীত ও ফিউশন বিভাগে পুরস্কার।