মালিতে ইসলামি জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াই, নিহত ৭৮

মালির উত্তরাঞ্চলে সংঘর্ষে চাদের ১৩ সেনা ও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠীর ৬৫ জন যোদ্ধা নিহত হয়েছে। দেশটির ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ছয় সপ্তাহ আগে শুরু হওয়া ফরাসি ও আফ্রিকার সেনাদের যৌথ অভিযানে শুক্রবার ভয়াবহ সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটেছে বলে চাদের সেনাবাহিনী জানিয়েছে। মালির আলজেরীয় সীমান্তবর্তী আদরার দেস ইফোগাস পার্বত্যাঞ্চলে এই লড়াই হয়। চাদের রাষ্ট্রীয় বেতারে সেনাবাহিনীর এক জেনারেলের পাঠ করা বিবৃতিতে বলা হয়, ‘শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির প্রাথমিক খতিয়ান হচ্ছে, তাদের পাঁচটি যান ধ্বংস হয়েছে এবং ৬৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আর আমরা হারিয়েছি আমাদের ১৩ জন সেনাকে।’ জানুয়ারিতে ফ্রান্স পশ্চিম আফ্রিকায় তাদের সাবেক উপনিবেশ মালিতে জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ায় সেনা অভিযান শুরু করে। মালির উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহর আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গিরা ২০১২ সালের এপ্রিল থেকে দখল করে নিয়েছিল। প্রতিবেশি আফ্রিকান দেশগুলোর সেনাবাহিনীসহ ফরাসি সেনাবাহিনী মালি থেকে জঙ্গিদের হটাতে অভিযান শুরু করে। মালিতে চাদ ২ হাজার সেনা পাঠিয়েছে। মার্চে চাদ ও মালির সেনাবাহিনীর হাতে নেতৃত্ব হস্তান্তর করে ফরাসি সেনাবাহিনীর ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে মালির দুর্বল সেনাবাহিনী জঙ্গিদের গেরিলা হামলা সামাল দিতে পারবে কি না এ নিয়ে নানা ধরনের শঙ্কা দেখা দিয়েছে।