দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্টের শপথ এ সপ্তাহে
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে পার্ক গিউন-হাই এ সপ্তাহে শপথ নেবেন। তবে উত্তর কোরিয়ার সামপ্রতিক পারমাণবিক পরীক্ষা ও বার বার হুমকি প্রদান ঐতিহাসিক এই ঘটনায় কিছুটা ছায়া ফেলেছে। প্রয়াত স্বৈরশাসক ও তীব্র বামপন্থী বিরোধী পার্ক চুং-হী’র মেয়ে পার্ক গিউন-হাই তার পূর্বসূরি লী মিয়াং-বাকের তুলনায় পিয়ংইয়ংয়ের প্রতি সতর্ক নীতিতে বিশ্বাসী। তবে তার পরিকল্পনা কমপক্ষে স্বল্প মেয়াদের জন্য হলেও মূলতবি রাখা হতে পারে। কারণ গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখনও কিভাবে উ. কোরিয়ার এই পারমাণবিক পরীক্ষার জবাব দেয়া হবে তা নিয়ে বিতর্ক করছে। তবে পিয়ংইয়ংয়ের প্রতি আরো কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি মোটামুটি নিশ্চিত। পার্কের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম জং-সো উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষার একই দিনে ইঙ্গিত দেন যে নতুন প্রশাসনের নীতি পূর্বের মত হবে না। পার্ক পারমাণবিক পরীক্ষার জোরালো নিন্দা জানান এবং দ.কোরিয়ার নেতা কিম জং-উন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে পিয়ংইয়ং তার ধ্বংস ডেকে আনবে।