আফগানিস্তানে সৈন্যসংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভিন্নমত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
২০১৪ সালের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কত সৈন্য থাকবে তা নিয়ে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মনভিন্নতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর আফগানিস্তানে আট হাজার থেকে ১২ হাজার আন্তর্জাতিক সেনা মোতায়েন থাকবে। কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা কত হবে তা এখনো স্পষ্ট হয়নি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ন্যাটোর অন্তর্ভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেছেন।—খবর ডন অনলাইনের। এদিকে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী থমাস ডি মেইজাইরে সাংবাদিকদের বলেছেন, ২০১৪ সালের পর আফগানিস্তানে আট হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেটা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, আট থেকে ১০ হাজার—এটা আসলে আন্তর্জাতিক সৈন্য সংখ্যা এবং এর বিন্যাস কী হবে তা আলোচনা করে ঠিক করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত কয়েক মাসে বেশ কয়েকবার বলেছেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর আফগানিস্তান থেকে সকল যুদ্ধসেনা প্রত্যাহার করা হবে। এরপর দেশটির নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে ছেড়ে দেয়া হবে।