সংবাদ কণিকা

ফের প্রাণভিক্ষার আবেদন সরবজিতের নতুনভাবে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন পাকিস্তানে ফাঁসির সাজাপ্রাপ্ত সরবজিত্ সিং। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সেদেশের জনগণের কাছে তিনি এই আবেদন জানান। শুক্রবার তার ভারতীয় আইনজীবী জানান, এ সংক্রান্ত দু’টি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন সরবজিত্ সিং। উল্লেখ্য, ভারতীয় নাগরিক সরবজিত্ সিংকে ১৯৯০ সালে লাহোর এবং ফয়সালাবাদে সিরিজ বোমা হামলার অভিযোগে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। এরপর ১৯৯১ সালে তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। বর্তমানে তিনি পাকিস্তানের কোর্ট লাখপাত জেলে রয়েছেন।—পিটিআই চীনে ‘ক্যান্সার গ্রাম’ চীনে ব্যাপকহারে পরিবেশ দূষণের কারণে কয়েকটি গ্রামকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এসব স্থানকে ‘ক্যান্সার গ্রাম’ বলে ঘোষণা দেয়া হয়েছে। পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনকারীরা বলেছেন, এসব জায়গায় যত্রতত্র কলকারখানা গড়ে উঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কলকারখানার ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে পরিবেশের দারুণ ক্ষতি করছে। এছাড়া এখান থেকে বিষাক্ত পানি নদী-নালায় মিশে মানুষের জীবন বিপন্ন করে তুলছে। পরিবেশবাদীরা বলছেন, এখানকার কিছু কিছু গ্রামে ক্যান্সারের হার অনেক বেশি। সাম্প্রতিক সময়ে চীনে পরিবেশবাদী ও সচেতন নাগরিক সমাজের এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ ঘোষণা দিতে বাধ্য হয়েছে।—বিবিসি আফগানিস্তানে দুর্ঘটনায় নিহত ১১ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাখ প্রদেশে শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। পুলিশ জানায়, জাওজান প্রদেশ থেকে যাত্রীবাহী একটি বাস রাজধানী কাবুলে যাওয়ার সময় হাইরাথান ড্রাই পোর্ট ও খোলাম জেলার মধ্যবর্তী স্থানে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, বাস চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে।—এএফপি গুয়াংঢংয়ে ভূমিকম্প দক্ষিণ চীনের দু’টি প্রদেশে শুক্রবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় গুয়াংঢং প্রদেশে প্রথম ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এতে তাত্ক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হংকংয়েও এই ভূকম্পন টের পাওয়া গেছে। দ্বিতীয় ভূমিকম্পের ঘটনাটি ঘটে চীন-মিয়ানমার সীমান্তের ইউনান প্রদেশে। স্থানীয় সময় পৌনে ৬টায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এ ঘটনায় কিছু বাড়ি-ঘর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।—গ্লোবাল টাইমস