চয়নের চার গোলে ফিজিকে হারিয়ে এখনো আশায় বাংলাদেশ

মামুনুর রহমান চয়নের চার গোলে ফিজিকে ৮-৪ গোলে হারানোর পর বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে উঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। ভারতের দিল্লিতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় এটি বাংলাদেশ দলের তৃতীয় জয়। বাংলাদেশ দল প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫-২ গোলে হারে কিছুটা হতাশ হলেও পরবর্তীতে চীনকে ৩-২, ওমানকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পর গতকাল শনিবার জিমি-চয়নরা আরো একটি জয় তুলে নেয়। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে ফিজির বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়ে ছিল দেশের দলটি। খেলা শুরুর পর তিন ও এগার মিনিটে কৃষ্ণ কুমার দাসের গোলে ২-০ ব্যবধান গড়ে নেয় কোচ মাহবুব হারুনের শিষ্যরা। গোল দু’টি হজমের পর ফিজির রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। পাঁচ মিনিট পর কামরুজ্জামান তৃতীয় গোলটি করেন (৩-০)। বিরতির আগেই ফিজি গোল শোধে মরিয়া হয়ে উঠে এবং ১৭ মিনিটে এডওয়ার্ড ব্যবধান কমান (১-৩)। ২৪ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠান ফিজির এডরিয়ান (২-৩)। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরো পাঁচবার বল পাঠান জিমি-চয়নরা। ৪৮, ৫৪, ৬৫ ও ৬৮ মিনিটে গোলগুলো করেন চয়ন। বাংলাদেশের অপর গোলটি আসে নান্নুর কাছ থেকে। এই অর্ধে অবশ্য আক্রমণাত্ম খেলতে গিয়ে বাংলাদেশকে আরো দু’টি গোল হজম করতে হয়। তারপরও ৮-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের হকি খেলোয়াড়রা। ছয় দলের এই রাউন্ড থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। গ্রুপ সেরা হওয়ার পথে অনেকটাই এগিয়ে আছে স্বাগতিক ভারত। দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে আছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও চীন। এদিকে আজ রবিবার ধ্যানচাঁদ স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।