নির্বাচকদের চূড়ান্ত দল ঘোষণা আজ

শ্রীলংকায় যাওয়া হচ্ছে না সাকিবের

বাংলাদেশ দলের সাথে শ্রীলংকায় যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। কারণ হিসেবে বলা হচ্ছে তার ডান পায়ের ‘কাফ মাশলে’র ইনজুরি সারতে হলে অস্ত্রোপচার লাগবে। অস্ট্রেলিয়ার ডাক্তার স্কট বার্ন তার পায়ের পরীক্ষা-নিরীক্ষা করে সাকিবের পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এ অস্ত্রোপচার হতে পারে। ফলে শ্রীলংকা সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের এই অলরাউন্ডারের। সাকিবের কারণে শ্রীলংকা সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণায় সমস্যায় পড়তে হচ্ছে নির্বাচক কমিটিকে। গতকাল শনিবার প্রধান নির্বাচক আকরাম খান বলেছেন, ‘সাকিবের পায়ে অস্ত্রোপচার লাগবে। তিনি না খেললে আমাদের একজন বোলার ও ব্যাটসম্যান বেশি লাগবে। আসলে সাকিব কিংবা মুশফিকরা দলে না থাকলে এই অভাবটা তো পূরণ হবার নয়’। জানা গেছে নির্বাচকরা শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই আজ ১৫ জনের দল ঘোষণা করবেন। যদিও গতকাল দলটি ঘোষণা করার কথা ছিল। তবে নির্বাচক প্রধান জানিয়েছেন তারা আজ রবিবার দল দিবেন। এদিকে শুধু সাকিবই নন, ছোটখাটো ইনজুরিতে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদসহ জাতীয় দলের আরো কয়েকজন ক্রিকেটার। বিশ্রাম ও ঠিকমত পরিচর্যা নিলে এদের ইনজুরি মারাত্মক আকার ধারণ করবে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশিষ চৌধুরি। গত ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে পায়ের চিকিত্সা করাতে যান সাকিব। তার ব্যাপারে বিসিবির এই ডাক্তার বলেন, ‘সাকিবের পায়ে যে তিনটি সমস্যা ধরা পড়েছে একটি টেনোপেরিএসটিয়েটিস, দ্বিতীয়ত; স্ট্রেস রিয়াকশন টিবিয়া এবং একজারশনাল কমপার্টমেন্টাল প্রেসার সিনড্রম। কাফ মাশলে অস্ত্রোপচার করলে একজারশনাল কমপার্টমেন্টাল প্রেসার সিনড্রমটা দূর হবে। কিন্তু বাকি দুটো সমস্যা থেকেই যাবে। ওই দুটো সারিয়ে তুলতে প্রথমত বিশ্রাম, দ্বিতীয়ত ফিজিও থেরাপি, তৃতীয়ত পুনর্বাসন প্রক্রিয়া এবং বায়োমেকানিক্যাল কারেকশন লাগবে।’ এর মানে সাকিবকে পায়ে অস্ত্রোপচারের পর কম করে হলেও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। নির্বাচকরাও তাকে নিয়ে এই মুহূর্তে কোন ঝুঁকিতে যেতে চাইছেন না। আকরাম খান বলেন, ‘শ্রীলংকা সফরে সাকিবকে না পাওয়া গেলেও জিম্বাবুয়ের জন্য তাকে ফিট করা হবে। এই সফরটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে’। ডাক্তার দেবাশিষের অভিমতও তাই, ‘দেখুন, শ্রীলংকা সফরে আমরা জিততেও পারি নাও জিততে পারি। কিন্তু জিম্বাবুয়ে সফরে আমাদের জিততে হবে। এই জন্য আমাদের জন্য সফরটি গুরুত্বপূর্ণ। আশা করছি, জিম্বাবুয়ে সফরের আগে সে সুস্থ হয়ে যাবে’। উল্লেখ্য, শ্রীলংকা থেকে ফিরে বাংলাদেশ দল এপ্রিলের শুরুতে জিম্বাবুয়ে রওয়ানা হবে। সাকিবের ‘শিন বোন’ ইনজুরি নতুন নয়। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলেননি এই ইনজুরির কারণে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাল্কা ব্যথা নিয়ে খেলেছেন তিনি। কিন্তু ইনজুরি নিয়ে খেললে সেটি ভবিষ্যতের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে বলে বিসিবির ডাক্তারের পরামর্শে অস্ট্রেলিয়ার ডাক্তারের চিকিত্সা নিতে সিডনিতে গেছেন সাকিব।