শচীন-কোহলির ব্যাটে জবাব দিচ্ছে ভারত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে রেখে ১৯৮ রানে পিছিয়ে আছে স্বাগতিক ভারত। অধিনায়ক মাইকেল ক্লার্কের ১৩০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৩৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভারত তুলতে পেরেছ ৩ উইকেটে ১৮২ রান। টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান অস্ট্রেলিয়ার দলপতি ক্লার্ক। ৭ উইকেটে ৩১৬ রান তুলে দিন শেষ করে অসিরা। তাই দ্বিতীয় দিনেও ক্লার্কের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল সফরকারীরা। কিন্তু ইনিংসটিকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি ক্লার্ক। প্রথম দিনের সাথে আরো ২৭ রান যোগ করে ১৩০ রানে আউট হন অসি দলপতি। ফলে দ্রুতই গুটিয়ে যাবার সম্ভাবনা তৈরি হয় অস্ট্রেলিয়ার। কিন্তু শেষদিকে স্কোর বোর্ডে খুব বেশি রান জড়ো করতে না পারলেও ভারতীয় বোলারদের ঘাম জড়িয়েছেন টেল-এন্ডার ব্যাটসম্যানরা। উইকেটে থিতু গেথে সময় পার করেছেন সিডল-প্যাটিনসন-লিঁও। তারপরও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৩৮০ রানে অলআউট করে ভারত। দলের পক্ষে ১০৭ রানের বিনিময় সবেচেয়ে বেশি ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। যা অশ্বিনের টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। এরপর প্রথম ইনিংসে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। ১২ রানের মধ্যে স্বাগতিকদের দুই ওপেনারকে বিদায় করে দিয়ে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দেন পেসার জেমস প্যাটিনসন। মুরালি বিজয় ১০ ও বিরেন্দা শেবাগ ২ রান করে ফিরেন।
এরপর দক্ষতার সাথে রান জড়ো করতে থাকেন পূজারা-টেন্ডুলকার। কিন্তু এবারও এই জুটির সামনে বাধা হয়ে দাঁড়ান প্যাটিনসন।
৪৪ রানে থাকা পূজারাকেও বোল্ড করে ভারতীর শিবিরে তৃতীয় আঘাত হানেন ২২ বছর বয়সী প্যাটিনসন। টেন্ডুলকারের সাথে ৯৩ রানের মহামূল্যবান এক জুটি গড়েন পূজারা। এরপর টেন্ডুলকারের সাথে ক্রিজে যোগ দেন বিরাট কোহলি। আর দিনের শেষভাগটা নিজেদেরই করে রাখেন তারা। অসি বোলারদের উপর আধিপত্য বিস্তার করে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান টেন্ডুলকার ও কোহলি। ফলে দিন শেষে দু’জনই পেয়ে যান হাফ-সেঞ্চুরির দেখা। টেস্ট ক্যারিয়ারের ৬৭তম অর্ধশতকের স্বাদ পাওয়া টেন্ডুলকার দিন শেষ করেন ৭১ রান নিয়ে। তার ১২৮ বলের ইনিংসে ৬টি বাউন্ডারির মার ছিল। কম যাননি কোহলিও ৫০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তিনি।-বাসস