চলনবিলে বৈদ্যুতিক সেচ পাম্প প্রয়োজন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
কৃষিপ্রধান বৃহত্তম চলনবিলাঞ্চলে কৃষিকাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প প্রয়োজন। চলনবিলের অধিকাংশ গ্রামেই বিদ্যুত্ নেই। এছাড়াও বিলের প্রায় সব মানুষই কৃষক। প্রতিবছর প্রায় কয়েক লাখ হেক্টর জমিতে ধান, গম, আলু, সরিষা, ছাড়াও অন্যান্য ফসল উত্পাদিত হয়। ইরি চাষ হয় সবচেয়ে বেশি। অত্যন্ত দুঃখের বিষয়, চলনবিলের তলা নামে পরিচিত সিংড়ার পূর্বাঞ্চল, তাড়াশের পশ্চিম অঞ্চল এবং গুরুদাশপুরের উত্তরাঞ্চলের মাঠজুড়ে প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে বিদ্যুত্ সংযোগ না থাকায় তেলচালিত মেশিন দ্বারা কৃষক কৃষিকাজ করে আসছেন। কিন্তু দফায় দফায় তেলের দাম বৃদ্ধির কারণে কৃষকেরা এখন হতাশ। কাজেই কৃষি প্রধান এই অঞ্চলে বৈদ্যুতিক সেচ পাম্প দেয়া হলে সাধারণ কৃষকেরা অতি সহজেই কৃষিকাজ করতে পারবেন। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দিলরুবা রিজওয়ান দিনা,
আয়েশ, সিংঙা, নাটোর।