সৈয়দপুর ও সরিষাবাড়ীতে ইসলামী ব্যাংকে ভাংচুর

নীলফামারী জেলার সৈয়দপুর, জামালপুরের সরিষাবাড়ি ও ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ব্যাংকটির এটিএম বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার এসব হামলা চালানো হয়। সৈয়দপুর সংবাদদাতা জানান, দেশব্যাপী জামায়াতের অপতত্পরতার বিরুদ্ধে গত শুক্রবার রাতে সৈয়দপুর ঘাতক দালাল নির্মূল কমিটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কতিপয় যুবক শহরের শহীদ তুলশিরাম সড়কে ইসলামি ব্যাংকে হামলা চালায়। পরে ব্যাংক ভবনের নিচতলার এটিএম বুথে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। দায়িত্ব পালনকালে সময় টিভি ও দৈনিক সমকাল পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাকির হোসেন বাদল ও ক্যামেরাম্যান সোহেল হামলার শিকার হয়েছে। এছাড়া আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম.ওমর ফারুকের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ মিছিল বের করে। সরিষাবাড়ি সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ির ইসলামি ব্যাংক কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ব্যাংকের নিরাপত্তা কর্মী আনিসুর রহমান জানান, রাতে হঠাত্ করে একদল লোক ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে চলে যায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট রোডের ইসলামি ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়। পরে এটিএম বুথও ভাঙচুর করা হয়। এছাড়া শহরের টিএ রোডের এটিএম বুথও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা তাদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন।