আজ আবার বসছে
সংসদ অধিবেশন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
চলতি বছরের প্রথম এবং নবম সংসদের ষোলতম অধিবেশন আজ রবিবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে। আজ সংসদের ১৭তম কার্যদিবস। গত ২৭ জানুয়ারি অধিবেশন শুরু হওয়ার পর ষোল কার্যদিবস শেষ হয়েছে। মহাজোট সরকারের শেষ বছর চলছে। সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করার ইচ্ছা প্রকাশ করলে গত বুধবার থেকে অধিবেশন বন্ধ ছিলো।
এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা গত ৬ ফেব্রুয়ারি অধিবেশনে প্রথমবারের মত সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এছাড়া দ্বিতীয় থেকে সপ্তম কার্যদিবস পর্যন্ত ছয়দিন মন্ত্রীরাও সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে চলতি অধিবেশনে আর সরাসরি কোন প্রশ্নোত্তর পর্ব থাকছে না।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সপ্তাহের প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত থাকে। এছাড়া মন্ত্রীদের জন্য এ সময় হচ্ছে এক ঘন্টা। রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে এখনো অনেক সংসদ সদস্য বক্তব্য রাখতে পারেননি। আর এ বিষয়টি চিন্তা করে গত ৭ ফেব্রয়ারি থেকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হচ্ছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।