গণজাগরণ মঞ্চের আল্টিমেটাম প্রদানকারীদের গ্রেফতার করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের জন্য যারা আল্টিমেটাম দিয়েছে তাদের গ্রেফতারে উল্টো আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বলা হয়, শাহবাগ মঞ্চ থেকে যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার দাবি করেছে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় শাহবাগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। এনটিভি, জিটিভি, দিগন্ত টিভি, একুশে টিভি, ইসলামিক টিভির রিপোর্টারসহ সাংবাদিকদের ওপর গুলি এবং আমার দেশ, সংগ্রাম ও নয়াদিগন্ত অফিসে সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ থেকে আল্টিমেটাম দাতাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ পাল্টা কর্মসূচি ঘোষণা করবে। মাহমুদুর রহমানের গ্রেফতার দাবি প্রসঙ্গে তিনি বলেন, যারা সাংবাদিক এবং গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে পাল্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। মাহমুদুর রহমানের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেন, দেশের মানুষ শাহবাগের কথায় চলে না। কোন পত্রিকার সম্পাদক থাকবেন আর কোন সম্পাদক থাকবেন না তা শাহবাগের মঞ্চ থেকে ঠিক করার অধিকার তাদের কে দিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলার অধিকার তারা কোথায় পেয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুর উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।