কর্ম ছেড়ে দুই চাপাবাজ
জড়ো হলো জার্মানে
ইন্ডিয়ানি শংকর এবং
বাংলাদেশি আরমানে।
কর্মবিহীন কেমনে চলে?
জুয়া খেলে তার মানে
জুয়া এবং চাপাবাজে
তারা কি আর হার মানে?
আরমানের আজ মন ভালো নেই
কারণ ব্যাগে মানি নাই
কয় নীরবে—হায়! সারাদিন
চা-সিগারেট টানি নাই।
শংকরে কয়—আনলি কত?
অংকটা তোর জানি নাই
আমার আছে এই দু হাজার
এরচে বেশি আনি নাই।
চাপা মারাই তাদের জুয়া—
যার চাপাটা বেশ হবে
সেই চাপাডির দিকে তবে
আজ দু হাজার পেশ হবে।
শংকরে কয় আমার বাবা
দুখির ব্যথায় ঠিক কাঁদেন
দিনে রাতে তাদের খেতে
মাংস কাবাব টিক্কা দেন।
আরমানে কয় আমার বাবা
ওই ধনীদের ভিক্ষা দেন
ভিক্ষা দিয়ে দুখির মুখে
টিক্কা দেয়ার শিক্ষা দেন!
সরফভাটা, রাংগুনিয়া, চট্টগ্রাম।