এসএসসির আজকের পরীক্ষা স্থগিত

ইসলামী ও সমমনা দলগুলোর ডাকা হরতালের কারণে আজকের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ১ মার্চ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ রবিবার সাধারণ শিক্ষা বোর্ডে রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাধারণ গণিত, তাজবীদ নসর ও নযম (মুজ্জাব্বিদ গ্রুপ) এবং তাজবীদ (হিফযুল কুরআন গ্রুপ) পরীক্ষা ছিল। কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল)-এর পদার্থ বিজ্ঞান-২ (৮১২৫) (সৃজনশীল ও সাধারণ) এবং দাখিল (ভোকেশনাল)-এর পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত এ পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।