জাগরণী মঞ্চের বিক্ষোভে
উত্তাল রংপুর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রংপুর। শুক্রবার সারাদেশে ইসলামী দলগুলোর হামলায় শহীদ মিনার, জাতীয় পতাকা ও জাগরণী মঞ্চ আক্রান্ত এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার দিনভর রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ। এসব বিক্ষোভ সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার এবং শহীদ মিনার, জাতীয় পতাকা, জাগরণী মঞ্চ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। গতকাল বিকালে নগরীতে জাতীয় পতাকা মিছিল বের করে জাগরণী মঞ্চের হাজার হাজার আন্দোলনকারী। সকাল থেকেই রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে নির্মিত জাগরণী মঞ্চের সামনে নামে নানা শ্রেণীপেশার মানুষের ঢল। প্রতিবাদী গান আর শ্লোগানে উত্তাল হয়ে ওঠে জাগরণী মঞ্চ।