রেলক্রসিংয়ের গেট খুলে না দেয়ায় গেটম্যানকে গুলি

রাজধানীর কুড়িল বিশ্বরোডে গতকাল শনিবার ভোরে রেলক্রসিংয়ে হানিফ ওরফে বাবু মিয়া (২৫) নামে এক গেটম্যানকে প্রাইভেটকার থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাবু মিয়া জানান, শুক্রবার রাতে তিনি কুড়িল বিশ্বরোডে রেল ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন। শনিবার ভোরে ঐ লাইন দিয়ে একটি ট্রেন আসছিল। সে কারণে তিনি রেল ক্রসিংয়ের গেটটি আটকে দেন। ঐ সময় একটি সাদা প্রাইভেটকারে কয়েকজন যুবক তাকে গেট খুলে দিতে বলেন। তিনি না শুনলে যুবকরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি গুলি করে চলে যায়। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে তা ভেদ করে আবার ডান পায়ে লাগে। আহত অবস্থায় তাকে তার সহকর্মী দুলাল হোসেন দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রেলওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, থানায় মামলা হয়েছে।