পাবনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিবির কর্মী নিহত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
পাবনায় জামায়াতের ডাকা আধাবেলা হরতাল চলাকালে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ শিবির কর্মী নিহত ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার শামীম হোসেন জানান, পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া নামক স্থানে শনিবার সকাল সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ আলাল হোসেন (২০), সাগর হোসেন (১৮), লিখনকে (২০) গুরুতর অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আলাল হোসেনকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বাকি আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন। এদিকে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম (২৩) নামের আরও এক শিবির কর্মী নিহত হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জহুরুল ইসলাম দাবি করেন, নিহত আলাল ও সিরাজুল শিবিরের কর্মী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ কনষ্টেবল মাহাতাব হোসেন গুলিবিদ্ধসহ ১৯ জন পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। মামলা হয়েছে।