ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথে আগুন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
রাজধানীর কাওরান বাজার ও আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথ ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বুথ দুইটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরপরই ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোতে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। কাওরান বাজারের ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন দেয়ার ব্যাপারে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, গতকাল শনিবার বিকাল ৩টার দিকে আগুন দেয়া হয়। তবে কে বা কারা কাওরান বাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন দিয়ে পালিয়ে গেছে সে ব্যাপারে পুলিশ কোন তথ্য পায়নি।
এদিকে, আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত ইসলামী ব্যাংকের আরেকটি এটিএম বুথ ভাংচুর করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে আগারগাঁও এলাকায় জামায়াত-শিবির বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নির্বাচন কমিশন সচিবালয়ের পাশ দিয়ে প্রধান সড়কে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আইডিবি ভবন সংলগ্ন ইসলামী ব্যাংকের বুথ ভাংচুর করে।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, গতকাল বিকালে কে বা কারা আগারগাঁওয়ের আইডিবি ভবনের নিচতলায় অবস্থিত ইসলামী ব্যাংকের বুথে ঢুকে ভাংচুর চালায়। এ ঘটনায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি জিডি করেছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।