ইসলামী ও সমমনা ১২ দলের সকাল-সন্ধ্যা হরতাল আজ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী সমমনা ১২ দল আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্লগারদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। আর এ হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, শুক্রবার সারাদেশে ওলামা-মাশায়েখসহ মুসল্লিদের ওপর সরকারের পুলিশ-র্যাবসহ যুবলীগ-ছাত্রলীগ একসঙ্গে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন মুসল্লিকে হত্যা করা হয়েছে। সাংবাদিকরাও ওই হামলা থেকে রেহাই পাননি। এর প্রতিবাদে ইসলামী দলগুলোর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালকে বিএনপি পূর্ণ সমর্থন জানিয়েছে।
এদিকে ইসলামী দলগুলো আহূত আজকের হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, নাস্তিক, মুরতাদদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ইসলামী দলসমূহের আহূত হরতাল কর্মসূচির প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি সমর্থন ঘোষণা করছি। তিনি বলেন, দেশের বিভিন্ন ইসলামী দল, পীর-মাশায়েখ ও তৌহিদী জনতা আল্লাহ পাক ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের অবমাননাকারী নাস্তিকদের বিচারের দাবিতে যে গণ-আন্দোলন শুরু করেছে তা স্তব্ধ করার সাধ্য কারো নেই। তা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকারের মন্ত্রী ও ১৪-দলের নেতারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা প্রচারণা চালাচ্ছে। জনগণ তাদের প্রচারণায় বিভ্রান্ত হবে না।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ বিরোধীরা- যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে হামলাকারীদের হামলার লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চ, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও। দুপুর থেকে বিকাল পর্যন্ত তাণ্ডবের পর ‘কর্মসূচিতে বাধার’ অভিযোগ এনে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ও সমমনা ১২ দল।
এই মোর্চার নেতা ও খেলাফত আন্দোলনের নায়েবে আমির আহমেদুল্লাহ আশরাফ বলেন, হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্লগারদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা শুক্রবার জুমার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম; কিন্তু পুলিশ তাতে বাধা দিয়ে আমাদের কর্মীদের গ্রেফতার করেছে। হতাহতের ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে আমরা রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করব।