আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র চায় না
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র চায় না। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে-কর্মে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। তিনি বলেন, দেশ এখন সংঘাত আর নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার সকালে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিনাজপুর লোকভবনে আয়োজিত কর্মী সভায় জেলা বিএনপির সভাপতি লুত্ফর রহমান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে গণদাবি উল্লেখ করে বলেন, হাজারো ফখরুলকে গ্রেফতার কিংবা গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য গোটা জাতিকে আজ জিম্মি করে রেখেছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শুক্রবার সারা দেশের হামলা ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী সরকার বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভুল সিদ্ধান্ত দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। কি পরিণতি হবে আমরা তা জানি না। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ করবো সংঘাতের পথ থেকে সরে দাঁড়ানোর জন্য। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।