আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শাহবাগের গণজাগরণকে আমিও সমর্থন দিয়েছিলাম। আমাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করায় কষ্ট পাই নাই, কষ্ট পেয়েছে মুক্তিযোদ্ধারা। ৩ বছর আগেও আমাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। আমি যদি রাজাকার হয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের কমান্ডার। আপনারাই ঠিক করে নিন আমি রাজাকারদের তালিকায় পড়ি কি না। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবি আমরাও জানাই। বাংলার মাটিতেই তাদের বিচার হতে হবে। শনিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকার খেলার মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ জেলা শাখার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা ইকবাল সিদ্দিকী, আবুবকর সিদ্দিক, জেলা কমিটির নেতা আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন মুন্না, নিলয় প্রমুখ। শাহবাগের আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ফাঁসির দাবিতে আন্দোলন করছো। তবে কাকে ফাঁসি দিবে তা আগে ঠিক করো। রাজাকারদের ফাঁসি দেয়া এতো সহজ নয়। বলা সহজ কিন্তু করা কঠিন।