মালিতে ফরাসি অভিযান ‘চূড়ান্ত পর্যায়ে’

মালিতে অভিযানরত ফরাসি বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের “চূড়ান্ত পর্যায়ে” রয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। মালির উত্তর সীমান্তের ইফোগাস পর্বতমালায় তীব্র যুদ্ধ চলছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সম্মেলনে ইফোগাস পর্বতমালা এলাকায় অভিযানরত চাদের সেনাদের প্রশংসা করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমাদের চাদের বন্ধুরা গতকাল এক আক্রমণ পরিচালনা করে তা অনেক প্রাণহানির মধ্য দিয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। চাদের সেনার যা করেছে আমি তার প্রশংসা করি।” শুক্রবার ওই লড়াইয়ে চাদের ১৩ সেনা ও ৬৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে চাদের সেনাবাহিনী। উত্তর মালির আলজেরিয়া সীমান্তের ইফোগাস পর্বতমালায় আল কায়েদা ইন ইসলামিক মাঘরেব (একিউআইএম) এর জঙ্গিরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ওলান্দ বলেন, “ইফোগাস পর্বতমালায় একিউআইএম এর বাহিনী একত্রিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এটি চূড়ান্ত অভিযান।” এদিকে মালির সীমান্ত শহর তেসালিতের কাছে ইন-খালিলে উগ্রপন্থী জঙ্গিদের সঙ্গে তুয়ারেগ নৃতাত্ত্বিক গোষ্ঠির যোদ্ধাদের লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। তুয়ারেগ যোদ্ধারা এক সময় উগ্রপন্থীদের মিত্র থাকলেও ফরাসি অভিযান শুরুর সঙ্গে সঙ্গে অভিযানকে সমর্থন করে তারা। মালির প্রতিবেশী লিবিয়া, আলজেরিয়া, নাইজার ও বারকিনা ফাসোসহ সাহারা এবং সাহেল অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তুয়ারেগরা। গত বছর তুয়ারেগ বিদ্রোহীর সঙ্গে মিত্রতা করে মালির উত্তরাঞ্চল দখল করে নেয় একিউআইএম এর জঙ্গিরা। উত্তরাঞ্চল দখল করে জঙ্গিরা মালির রাজধানী বামাকোর দিকে এগুতে থাকলে হস্তক্ষেপ করে ফ্রান্স। উগ্রপন্থী জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মালির সেনাবাহিনীকে সহায়তা করতে ১১ জানুয়ারি দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েন করে ফ্রান্স।