ভারতীয় দূতাবাস ছাড়লেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

গ্রেপ্তার করা হবে না এমন নিশ্চয়তা পেয়েই মালের ভারতীয় দূতাবাস ছাড়লেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। ভারতও নাসিদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটা নাগাদ তিনি দূতাবাস ছেড়ে বের হয়ে যান। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ভারত আশা করে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট পুনরায় সামাজিক ও রাজনৈতিক জীবনে ফিরতে পারবেন। ভারত চায় মালদ্বীপে শান্তি ও রাজনৈতিক স্থিতাবস্থা বজায় থাকুক। নয়াদিল্লি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। —খবর বর্তমান পত্রিকার। মালদ্বীপের প্রেসিডেন্টের প্রেস সচিব মাসুদ আহমেদ বলেন, এই মুহূর্তে নাসিদের নামে কোনও গ্রেপ্তারি পরোয়ানা নেই। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয়া ১১ দিনের টানাপোড়েনের অবসান হওয়ায় তাঁরা খুশি। ভারতীয় দূতাবাসে আশ্রয় নেয়ার পর থেকে তাঁরা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ রেখে গেছেন। নাসিদ ক্ষমতায় থাকাকালীন এক বিচারককে অন্যায়ভাবে আটক রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালের এক আদালত। গত ১৩ ফেব্রুয়ারি দ্বীপ রাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেপ্তার এড়াতে মালেতে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কাতেই নাসিদ ভারতের কাছে আশ্রয়ের প্রার্থনা করেছিলেন। ভারতের পক্ষ থেকে অবশ্য তাঁর এহেন পদক্ষেপে তীব্র আপত্তি জানানো হয়েছিল।