সংবাদ কণিকা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
অস্ত্র হাতে ১০ ভাই
আসাদ পরিবারের দীর্ঘদিনের শাসন থেকে মুক্ত হতে এবার অস্ত্র হাতে যুদ্ধ করছে এক মায়ের ১০ সন্তান। যুদ্ধে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করেন ঐ সহোদররা। জীবনের শ্র্রেষ্ঠ সময় যাচ্ছে তাদের। ২০১১ সালের জানুয়ারির কোনো এক সন্ধ্যায় নিজের ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়দের নিয়ে এক বৈঠক ডাকেন মোহাম্মেদ রিয়াস। রিয়াস পেশায় একজন ট্যাক্সি চালক এবং পরিবার প্রধান। সিরিয়ার উত্তরাঞ্চলের নিজ বাড়িতে ডাকা ঐ বৈঠকে রিয়াসসহ যোগ দেন মোট ১৩ জন। এদের মধ্যে ৯ জন ছিল তার সহোদর এবং অন্য তিনজন চাচাতো ভাই। তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, লিবিয়ায় আরব বসন্তের প্রসঙ্গ টেনে রিয়াস বলেন, “আমাদের মধ্যে এটি নিয়ে আলোচনা হয় এবং আমরা জানতাম যে এটি সিরিয়াতেও ছড়িয়ে পড়বে।” —বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচন
সাইপ্রাসে ভেঙ্গে পড়া অর্থনীতিকে টেনে তুলতে এবং নতুন নেতা বেঁছে নিতে আবারো ব্যালোটে ফিরেছে সাইপ্রিয়টরা। গতকাল রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ করা হয়। এর আগে গত রবিবার প্রথম রাউন্ড ভোটগ্রহণ করা হলে কনজারভেটিভ দলের নেতা নিকোস আনাস্তাসিয়াদেস শতকরা ৪৫ ভাগেরও বেশি ভোট পেয়ে তার প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকেন। অপরদিকে কমিউনিস্ট সমর্থিত স্টাভরস মালাস পান শতকরা ২৭ ভাগ ভোট। এই রাউন্ডে জয়ী আনাস্তাসিয়াদেস বলেন, এই দ্বীপ রাষ্ট্রটিকে বাঁচাতে আমি অবশ্যই বেইল আউট নীতিকে সমর্থন করি যা ইউরোজোনের সংকট উত্তোরণে সহায়ক হবে।—আল জাজিরা
ইসরাইলের কারাগারে ফিলিস্তিনির মৃত্যু
ইসরাইলের হাতে বন্দি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু জিজ্ঞাসাবাদের সময় নয় বরং স্বাভাবিকভাবে হয়েছে। গত শনিবার ফিলিস্তিনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে গতকাল দেশটির পক্ষ থেকে বক্তব্য জানানো হলো। এদিকে এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান ফিলিস্তিনের কারামন্ত্রী ইসা কারাকা। পশ্চিম তীরের হেবরন শহরের অধিবাসী ৩০ বছর বয়সী আরাফাত জারাদতকে কয়েকদিন পূর্বে আটক করা হয়। উত্তর ইসরাইলের মেগিডো কারাগারে তার মৃত্যু হয়।—আল জাজিরা
উড়তে পারেনি মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমান
স্থগিত রাখা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর যৌথ হামলার কাজে ব্যবহূত এফ-৩৫ জঙ্গি বিমানের পুরো বহরের অভিযান। রুটিন পরীক্ষার সময় গত ১৯ ফেব্রুয়ারি এ বহরের একটি বিমানের ইঞ্জিনে ফাটল দেখা দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র। নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে বিমানের ক্ষতিগ্রস্ত অংশটি। এদিকে, আকাশে উড়তে না দেয়ার কারণে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি এবং অ্যারিজোয়ানায় পাইলটদের ট্রেনিং বাধাগ্রস্ত হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে দুইবার এরকম ঘটনা ঘটলো।—বিবিসি